
নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমে দাঁড়িয়েছে ১১২ টাকা, পেট্রলের দাম ২ টাকা কমে হয়েছে ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার রাতে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত নতুন দাম আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেলের ব্যবহার, আর বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে। ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহণ খাত এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জেনারেটরে বেশি ব্যবহৃত হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হয়েছে।

