এই দেশের মানুষ অনেক কষ্ট, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
তিনি বলেন, ভোটাররা যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করেন—এটাই তাঁর প্রত্যাশা। একই সঙ্গে তিনি জানান, ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের উপস্থিতি অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, তারা সত্যনিষ্ঠায় বিশ্বাসী এবং আল্লাহর প্রতি ঈমান রেখে রাজনীতি করেন, তাই নির্বাচনী প্রচারণায় মিথ্যা বলবেন না।
তিনি আরও জানান, প্রচারণার সময় তিনি নিজের করা কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাই তুলে ধরবেন। অন্য দলের নেতা বা প্রার্থীদের বিরুদ্ধে কটূক্তি কিংবা অশালীন ভাষা ব্যবহার করবেন না বলেও আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি জনগণকে সততা ও সত্যের পক্ষে থেকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মির্জা আব্বাস বলেন, তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতে জড়াবেন না। তবে নির্বাচনের পর প্রয়োজনে আন্দোলনে নামতে প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন। শেষে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।