
বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন বা মরণাস্ত্র ব্যবহার করবে না। তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি নির্বাচন উপলক্ষে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং বিজিবির হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী দায়িত্ব পালন করছে।
তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত মোট ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এসব প্লাটুন ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিশেষ তল্লাশি কার্যক্রমের জন্য বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি এবং আধুনিক সিগন্যাল ও যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে। এসব ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।
নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসাবে এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাবে—যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কর্নেল এস এম আবুল এহসান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখা যাচ্ছে না। তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অবস্থাতেই লেথাল ওয়েপন ব্যবহার করা হবে না।
